![]() |
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ও খুশালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা করা হয় কয়েকটি দোকানকে। ছবি: জিএম টেলিভিশন |
নিউজ ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের কাগাবলা বাজার এবং খুশালপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় দোকানগুলোতে ডিজেল, পেট্রোল ও অক্টেন অবৈধভাবে মজুদ রাখা এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি ধরা পড়ে।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। তিনি জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করে রাখছে, যা সাধারণ ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নিয়ম ভঙ্গ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Post a Comment