![]() |
আজমেরী হক বাঁধনের পছন্দের অভিনেতাদের একজন মোশাররফ করিম। কিন্তু একসঙ্গে তাঁদের খুব একটা পর্দায় দেখা যায় না। অবশেষে সেই আফসোস ঘুচিয়েছে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সম্প্রতি সেই পছন্দের অভিনেতার কাছ থেকে প্রশংসাও পেয়েছেন বাঁধন। এই অভিনেত্রীর মতে, ‘এই প্রশংসা আমার জন্য বড় অর্জন।’
বাঁধন বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের পর্দায় উপস্থিতি ছিল খুবই কম। তবু সেই অল্প সময়ের উপস্থিতি দিয়ে মোশাররফ করিম ভাইয়ের কাছ থেকে প্রশংসা পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এমন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়াটা দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।’
বাঁধন জানান, মোশাররফ করিমের মতে তাঁর প্রিয় দৃশ্যগুলোর একটি ছিল সিনেমায় স্বামীর (চঞ্চল চৌধুরী) সঙ্গে ফোনে এই অভিনেত্রীর কথা বলার দৃশ্য। দৃশ্যটি নিয়ে স্পয়লার দিতে চান না। ‘দৃশ্যটিকে তিনি (মোশাররফ করিম) ভীষণ আবেগঘন বলে মন্তব্য করেছেন। এটা আমার জন্য কতটা মূল্যবান, ভাষায় তা প্রকাশ করা কঠিন।’
![]() |
সবশেষে এই অভিনেত্রী বললেন, ‘অভিনয়ের জন্য প্রশংসা পেলে ভালো লাগে। এটা অভিনয়ের স্বীকৃতি। অভিনয় দেখে দর্শকদের বিচার এক রকম। কিন্তু সহকর্মী এবং সেটা যদি হয় মোশাররফ ভাই তাহলে মনে হয় হয়তো ঠিক রাস্তাতেই আছি। ঠিকমতো অভিনয়টা করে যাচ্ছি। তিনি সত্যিই একজন জীবন্ত কিংবদন্তি এবং আমার দেখা সেরা অভিনেতাদের একজন। মোশাররফ ভাইয়ের কাছে প্রশংসা শোনা অনেক বড় ব্যাপার।’
‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা।


Post a Comment