Top News

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

 

নিউজ ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নেত্রকোনা সদরের ৩ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়। শিশুটি গত ১৭ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। একই দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮ মাস বয়সী এক ছেলে শিশুরও মৃত্যু হয়েছে। ওই শিশুটি ১৮ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল সূত্র জানায়, দুই শিশুই হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে ২৬ জন শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দু-একজন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post