Top News

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক ছিনতাইকারীরা ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি: জিএম টেলিভিশন

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্যসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই সুজন কান্দি পালের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে শহরের চৌমুহনী এলাকার এপেক্স শোরুমের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজনকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাদের আচরণে অসঙ্গতি দেখা দিলে তল্লাশি চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শহরতলীর সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২০) এবং শান্তিবাগ এলাকার কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০)। এছাড়াও একই অভিযানে আরও একজনকে আটক করা হয়, যিনি তাদের সঙ্গে ছিনতাইয়ের প্রস্তুতিতে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি গিয়ার চাকু, একটি রামদা এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা তারা ছিনতাইয়ের কাজে ব্যবহার করত।

এদিকে একই রাতে শ্রীমঙ্গল থানার আরেকটি টিম পৃথক অভিযানে শহরের শাপলাবাগ এলাকা থেকে শামীম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি একটি মারামারি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকা, চৌমুহনীসহ বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার সকালে তাদের মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে শ্রীমঙ্গলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।

Post a Comment

Previous Post Next Post