Top News

মৌলভীবাজার জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি জিএম টেলিভিশন 

 নিউজ ডেস্ক :

মৌলভীবাজারে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব রুবেল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল।

স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার জনাব নওসিন জাহানের সঞ্চালনায় সভার শুরুতে উপপরিচালক জনাব রুবেল মাহমুদ উপস্থিত সকলকে স্বাগত জানান এবং সভার উদ্দেশ্য তুলে ধরেন। পরবর্তীতে এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, ইপসা সিলেট ও মৌলভীবাজার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি এবং জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করেন। সভায় বিগত নভেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ, সুপারিশ ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে মোট ২০২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে সভায় জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল বলেন, উচ্চ আদালতে মামলার চাপ কমানো এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। এতে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে এবং সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে। সভাপতির বক্তব্যে উপপরিচালক জনাব রুবেল মাহমুদ বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য বিচারিক সেবা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অল্প খরচে দ্রুত বিচার পাওয়ার নির্ভরযোগ্য স্থান হিসেবে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এখনো অনেক মানুষ গ্রাম আদালতের সুফল সম্পর্কে অবগত নন। তাই উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের কাছে তুলে ধরতে হবে। এতে গ্রাম আদালতের প্রচার বৃদ্ধি পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও কমবে। সভায় উপস্থিত সকলকে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মৌলভীবাজারে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা। ছবি  জিএম টেলিভিশন 


Post a Comment

Previous Post Next Post